বিনোদন
বক্স অফিস কাঁপানো ‘ধুরন্ধর’-এ বাংলা সুর, সঞ্জয় দত্তর এন্ট্রি ঘিরে তুমুল চর্চা
ধুরন্ধর’ ছবিতে সঞ্জয় দত্তর এন্ট্রি সিনে শোনা যায় পরিচিত সুর, যা শুনে অনেকেরই মনে পড়ে ‘টুনির মা’। তবে আদতে ব্যবহৃত গানটি কোনটি, জানুন বিস্তারিত।
বক্স অফিসে (Box Office) রীতিমতো ঝড় তুলেছে ছবি ‘ধুরন্ধর’ (Dhurandhar)। ছবির গান, সংলাপ থেকে শুরু করে অভিনয়—সব কিছু নিয়েই চলছে ব্যাপক আলোচনা। তবে এই সবের মাঝেই দর্শকদের, বিশেষ করে বঙ্গভাষী নেটিজেনদের (Netizens) নজর কেড়েছে একটি বিশেষ বিষয়। সঞ্জয় দত্ত অভিনীত এসপি চৌধুরী আসলামের এন্ট্রি সিনে (Entry Scene) হঠাৎই কেন বাজল পরিচিত বাংলা গান ‘টুনির মা’ (Tuni’r Ma)—এই প্রশ্নেই অবাক সকলে।
তবে একটু খেয়াল করলেই বোঝা যাবে, ছবিতে যে গানটি শোনা গিয়েছে, সেটি আসলে সরাসরি ‘টুনির মা’ নয়। ব্যবহার করা হয়েছে পাকিস্তানি গায়ক হাসান জাহাঙ্গির (Hasan Jahangir)-এর সুপারহিট গান ‘হাওয়া হাওয়া’ (Hawa Hawa)। ১৯৮৭ সালে মুক্তি পাওয়া এই পাক পপ গানটি (Pak Pop Song) শুধু পাকিস্তানেই নয়, ভারত ও বাংলাদেশেও প্রবল জনপ্রিয়তা পেয়েছিল।
এই জনপ্রিয় সুরই পরবর্তীতে বলিউডের ছবি ‘আগ কা গোলা’ (Aag Ka Gola)-তেও ব্যবহার করা হয়। অনেক বছর পরে, ২০০৯ সালে এই একই সুর অবলম্বনে তৈরি হয় বাংলা গান ‘টুনির মা’, যার কথা ও সুর দেন গায়ক প্রমিত কুমার (Pramit Kumar)। গানটি প্রকাশের পরই তা দ্রুত মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে এবং সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তার গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হয়।
উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালে ‘টুনির মা’ গানের নতুন কম্পোজিশন (New Composition) প্রকাশিত হয় এবং ২০২৫ সালেও ফের গানটি নতুন করে মুক্তি পায়। দেড় দশকের বেশি সময় পেরিয়েও এই গানের জনপ্রিয়তা একটুও কমেনি, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে তা আরও গভীরভাবে মানুষের স্মৃতিতে গেঁথে গিয়েছে।
ফলে আজকের প্রজন্মের কাছে ‘হাওয়া হাওয়া’ থেকে অনুপ্রাণিত হলেও ‘টুনির মা’ কার্যত একটি মৌলিক গান (Original Song) হিসেবেই পরিচিত। তাই ছবিতে গানটির আসল ভার্শন (Original Version) ব্যবহৃত হলেও, দর্শকদের মনে প্রথমেই ‘টুনির মা’-এর কথাই ভেসে ওঠা একেবারেই স্বাভাবিক।
তবে এখানেই শেষ নয়। মজার বিষয় হল, হাসান জাহাঙ্গিরের ‘হাওয়া হাওয়া’ গানটিও আদতে সম্পূর্ণ মৌলিক নয়। জানা যায়, এটি গত শতকের সত্তরের দশকের একটি জনপ্রিয় পার্সি গান ‘হাভার হাভার’ (Havar Havar) থেকে অনুপ্রাণিত।
‘ধুরন্ধর’ ছবিতে শুধু ‘হাওয়া হাওয়া’ নয়, আরও বেশ কয়েকটি একসময়ের সুপারহিট গান যেমন ‘রাম্বা হো হো’ (Ramba Ho Ho) এবং ‘মণিকা ও মাই ডার্লিং’ (Monica, Oh My Darling) ব্যবহার করা হয়েছে। ছবির দৃশ্য অনুযায়ী এই গানগুলির ব্যবহার দর্শকদের মন জিতেছে বলেই মত সিনেপ্রেমীদের।
