খেলাধুলা
২০২৬-এর আগে কলকাতা নাইট রাইডার্সে বড় বদল, মালিকানার একাংশ বিক্রির পথে শাহরুখ-জুহি
২০২৬ মরশুমের আগে কলকাতা নাইট রাইডার্সে বড় পরিবর্তনের ইঙ্গিত। মালিকানার একাংশ বিক্রি করতে পারে মেহতা গ্রুপ, বদলাতে পারে ফ্র্যাঞ্চাইজির কাঠামো।
কলকাতা নাইট রাইডার্সে (KKR) বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও রাজস্থান রয়্যালসের (RR) পথে হাঁটতে চলেছে শাহরুখ খান-জুহি চাওলার ফ্র্যাঞ্চাইজি। সূত্রের খবর, KKR-এর মালিকানার কাঠামোয় পরিবর্তন আসতে পারে খুব শীঘ্রই।
২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হলেও, ২০২৫ মরশুমে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি কলকাতা। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ২০২৬ মরশুমে নতুনভাবে শুরু করতে চাইছে ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যেই পুরো কোচিং স্টাফে (Coaching Staff) বদল আনা হয়েছে এবং সদ্য শেষ হওয়া মিনি নিলামে (Mini Auction) শক্তিশালী দল গঠনের দিকে নজর দেওয়া হয়েছে।
এই নতুন যাত্রার আগে ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার নিজেদের উপর থেকে কিছুটা দায় কমাতে চাইছেন। জানা যাচ্ছে, জুহি চাওলা ও তাঁর স্বামী জয় মেহতার মালিকানাধীন মেহতা গ্রুপ (Mehta Group) KKR-এ তাদের মালিকানার একটি অংশ বিক্রি করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে।
উল্লেখ্য, ২০০৮ সালে নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড (Knight Riders Sports Private Limited) গঠন করে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার (75 Million USD) খরচ করে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কেনা হয়। এই সংস্থার দুই প্রধান অংশীদার হল শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট (Red Chillies Entertainment) এবং জুহি-জয় মেহতার মেহতা গ্রুপ।
Moneycontrol-এর রিপোর্ট অনুযায়ী, বর্তমানে KKR-এ শাহরুখ খানের মালিকানা ৫৫ শতাংশ এবং মেহতা গ্রুপের মালিকানা ৪৫ শতাংশ। এই ৪৫ শতাংশ শেয়ারের মধ্য থেকে একটি অংশ বিক্রি করতে চাইছে মেহতা গ্রুপ। বিষয়টির সঙ্গে যুক্ত এক সূত্রের দাবি, RCB ও RR-এর মতো পুরো মালিকানা বিক্রি নয়, বরং আংশিক শেয়ার বিক্রি করেই পুঁজি তুলতে চায় তারা।
আরও জানা গিয়েছে, এই শেয়ার বিক্রির পুরো প্রক্রিয়া সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক (Investment Bank) নোমুরাকে (Nomura)। সবকিছু পরিকল্পনা মতো এগোলে ২০২৬ সালের জানুয়ারির মধ্যেই শেয়ার হাতবদলের বিষয়টি চূড়ান্ত হতে পারে।
এই পরিবর্তন কার্যকর হলে, ভবিষ্যতে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা থাকবে তিনটি সংস্থার হাতে—রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, মেহতা গ্রুপ এবং একটি নতুন তৃতীয় সংস্থা।
