বিনোদন
বেটিং অ্যাপ মামলায় মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরার সম্পত্তি বাজেয়াপ্ত
বেআইনি বেটিং অ্যাপ মামলায় ইডির বড় পদক্ষেপ। মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরার লক্ষাধিক টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, তদন্ত এখনও চলছে।
বেআইনি অনলাইন বেটিং অ্যাপ (Betting App) সংক্রান্ত অর্থপাচার মামলায় বড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate – ED)। এই মামলায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)-র সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে এই মামলার সঙ্গে জড়িয়ে গিয়েছে একাধিক পরিচিত নাম—প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh), রবিন উথাপ্পা (Robin Uthappa) এবং অভিনেতা সোনু সুদ (Sonu Sood)।
সংবাদ সংস্থা পিটিআই (PTI) সূত্রে জানা গিয়েছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (Prevention of Money Laundering Act – PMLA) অনুযায়ী একটি প্রভিশনাল অ্যাটাচমেন্ট অর্ডার (Provisional Attachment Order) জারি করে এই পদক্ষেপ করেছে ইডি। তদন্তকারী সংস্থার দাবি, বাজেয়াপ্ত করা সম্পত্তিগুলি অপরাধলব্ধ আয় বা প্রসিডস অফ ক্রাইম (Proceeds of Crime)-এর অংশ।
ইডি সূত্রে জানা যাচ্ছে, এই মামলায় মিমি চক্রবর্তীর প্রায় ৫৯ লক্ষ টাকা এবং অঙ্কুশ হাজরার প্রায় ৪৭ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। একই মামলায় যুবরাজ সিংয়ের প্রায় ২.৫ কোটি টাকা, সোনু সুদের প্রায় ১ কোটি টাকা এবং রবিন উথাপ্পার প্রায় ৮.২৬ লক্ষ টাকার সম্পত্তিও ইডির তালিকায় রয়েছে। এছাড়া অভিনেত্রী নেহা শর্মা (Neha Sharma)-র প্রায় ১.২৬ কোটি টাকা এবং মডেল উর্বশী রাউতেলার (Urvashi Rautela) মায়ের প্রায় ২.০২ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।
এই মামলার মূল কেন্দ্রে রয়েছে বিদেশে নথিভুক্ত অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ১এক্সবেট (1xBet)। ইডির অনুমান, এই বেআইনি বেটিং চক্রের মাধ্যমে প্রায় হাজার কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে। সেই অর্থ পাচারের অভিযোগেই চলছে এই তদন্ত।
তদন্ত চলাকালীন ইতিমধ্যেই সংশ্লিষ্ট সব তারকাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। উল্লেখযোগ্যভাবে, এই একই মামলায় এর আগে ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ও সুরেশ রায়না (Suresh Raina)-র প্রায় ১১.১৪ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছিল। ইডির এই সাম্প্রতিক পদক্ষেপের পর মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরাকে ঘিরে রাজনৈতিক ও বিনোদন মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
১এক্সবেট মামলা কী?
১এক্সবেট (1xBet) একটি আন্তর্জাতিক অনলাইন জুয়া ও বেটিং সংস্থা, যা ২০০৭ সালে প্রতিষ্ঠিত। সংস্থাটির লাইসেন্স রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কুরাসাও (Curaçao)-এ এবং রেজিস্ট্রেশন সাইপ্রাসে (Cyprus)। অফশোর কাঠামোর সুযোগ নিয়ে বহু দেশে নিয়ন্ত্রণ এড়িয়েই ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে।
ভারতে ২০২৩ সালে তথ্যপ্রযুক্তি আইন (IT Act) ৬৯এ ধারা অনুযায়ী ১এক্সবেট-সহ একাধিক বিদেশি বেটিং অ্যাপ নিষিদ্ধ করা হয়। কিন্তু নিষেধাজ্ঞার পরেও বিভিন্ন মিরর সাইট (Mirror Sites), বিকল্প ডোমেন, টেলিগ্রাম চ্যানেল (Telegram Channels) ও অনলাইন লিঙ্কের মাধ্যমে এই অ্যাপ সক্রিয় ছিল বলেই ইডির অভিযোগ।
ইডির তদন্তে কী উঠে আসছে?
ইডির মূল লক্ষ্য, ভারতে বসে এই বেটিং অ্যাপের প্রচার ও আর্থিক নেটওয়ার্ক কারা পরিচালনা করছিল, তা চিহ্নিত করা। বিজ্ঞাপন বা এন্ডোর্সমেন্টের টাকা কীভাবে দেওয়া হয়েছে, সেই অর্থ বিদেশে পাঠানোর পথ এবং সংশ্লিষ্ট তারকারা জানতেন কি না যে তাঁরা একটি নিষিদ্ধ অ্যাপের সঙ্গে যুক্ত—এই সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বিজ্ঞাপন সংস্থা, মধ্যস্থতাকারী ও সম্ভাব্য শেল কোম্পানি (Shell Company)-গুলির ভূমিকাও তদন্তের আওতায়।
