খেলাধুলা
ফর্মই শেষ কথা, টি-২০ বিশ্বকাপ দলে নেই শুভমন, ফিরলেন ইশান
টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিসিআই। শুভমন গিল বাদ পড়লেও দলে ফিরলেন ইশান কিষাণ। অধিনায়ক সূর্যকুমার যাদব, সহ-অধিনায়ক অক্ষর পটেল।
২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup 2026) সামনে রেখে ভারতীয় দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই (BCCI)। শনিবার প্রকাশিত এই দলে সবচেয়ে বড় চমক—বাদ পড়েছেন শুভমন গিল (Shubman Gill), আর দীর্ঘ বিরতির পর জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে ইশান কিষাণের (Ishan Kishan)।
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের চেনা ফর্মে দেখা যায়নি শুভমনকে। ধারাবাহিক ব্যর্থতার কারণেই তাঁকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে মনে করছে ক্রিকেট মহল। অন্যদিকে, ঘরোয়া টি-২০ প্রতিযোগিতায় (Domestic T20 Tournament) নজরকাড়া পারফরম্যান্স করে নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন ইশান কিষাণ। সেই পারফরম্যান্সেরই স্বীকৃতি মিলল বিশ্বকাপের মঞ্চে।
দলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও নেতৃত্বের দায়িত্বে তাঁর উপরই আস্থা রেখেছে বোর্ড। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার অক্ষর পটেল (Axar Patel)।
এক নজরে ভারতীয় দল
টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর পটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, ইশান কিষাণ এবং হর্ষিত রানা।
এর আগেই টি-২০ বিশ্বকাপ ফাইনাল (T20 World Cup Final) নিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি স্পষ্ট করে বলেন, ফাইনাল খেলতে চান নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) এবং প্রতিপক্ষ হিসেবে তাঁর পছন্দ অস্ট্রেলিয়া (Australia)।
২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ ফাইনালে (ODI World Cup Final 2023) অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের যন্ত্রণা এখনও ভারতীয় শিবিরে তাজা। সেই পুরনো ক্ষত ভুলতেই আগামী টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাতে মরিয়া সূর্যকুমার যাদবের দল।
