খেলাধুলা
ফাইনালের আগে বড় ধাক্কা, ডেঙ্গিতে আক্রান্ত যুজ়বেন্দ্র চাহাল
ডেঙ্গি ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ায় সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে খেলতে পারেননি যুজ়বেন্দ্র চাহাল। এক্স হ্যান্ডলে নিজেই অসুস্থতার কথা জানালেন ভারতের লেগ স্পিনার।
জাতীয় দলের (Indian National Team) বাইরে থাকা, সদ্য ডিভোর্স (Divorce)–এর ধাক্কা—মাঠ ও মাঠের বাইরে মিলিয়ে মোটেই ভালো সময় যাচ্ছে না ভারতের তারকা লেগ স্পিনার যুজ়বেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)। শেষ ভরসা ছিল ঘরোয়া ক্রিকেট (Domestic Cricket) ও আইপিএল (IPL)। কিন্তু এ বার সেখানেও এল বড় ধাক্কা।
বৃহস্পতিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির (Syed Mushtaq Ali Trophy) ফাইনালে হরিয়ানার হয়ে মাঠে নামতে পারলেন না চাহাল। ফাইনালে মুখোমুখি হয়েছিল ঝাড়খণ্ড ও হরিয়ানা। ম্যাচে ঝাড়খণ্ড ৬৯ রানে জয় ছিনিয়ে নিয়ে ট্রফি ঘরে তোলে। প্রথমে ব্যাট করে মাত্র তিন উইকেট হারিয়ে তারা তোলে ২৬২ রান। হরিয়ানার বোলাররা কার্যত কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। অনেকেরই মতে, এই ম্যাচে চাহালের অভাব স্পষ্ট হয়ে উঠেছিল।
যদিও ফাইনালের আগেই তিনি দলের বাইরে ছিলেন। আশা করা হচ্ছিল, হয়তো ফাইনালে ফিরবেন। কিন্তু তা হয়নি। অবশেষে নিজেই বিষয়টি পরিষ্কার করলেন চাহাল। ফাইনালের দিন বিকেলে নিজের এক্স (X, formerly Twitter) হ্যান্ডলে তিনি জানান, তিনি ডেঙ্গি (Dengue) ও চিকুনগুনিয়া (Chikungunya)–তে আক্রান্ত। বর্তমানে বিশ্রামে রয়েছেন।
চাহাল লেখেন, “সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালের জন্য আমার দল হরিয়ানাকে শুভেচ্ছা। আমি দলে থাকতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি ডেঙ্গি এবং চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলাম। এটি আমার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছে। চিকিৎসকেরা আমাকে বিশ্রাম নিতে ও সুস্থতার দিকে মনোযোগ দিতে বলেছেন। আমি খুব শিগগিরই পুরো শক্তি ও বোলিং নিয়ে মাঠে ফিরব।”
উল্লেখ্য, টুর্নামেন্টের শুরুতে চাহাল দলে ছিলেন এবং তিনটি ম্যাচ খেলেন। এই তিন ম্যাচে তিনি চারটি উইকেট নেন, যদিও রান কিছুটা বেশি খরচ করেছিলেন। তাই ফাইনালে তিনি থাকলেও কতটা পার্থক্য গড়ে দিতে পারতেন, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
