দেশের খবর
কাশির সিরাপেই বিপদ! ভেষজ ওষুধ খাওয়ার পর মৃত্যু শিশুর, তদন্তে পুলিশ ও স্বাস্থ্য দফতর
ছিন্দওয়ারায় ভেষজ কাফ সিরাপ খাওয়ার পর পাঁচ মাস বয়সি শিশুর মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য। দোকান সিল, ওষুধের নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ ও স্বাস্থ্য দফতর।
মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা (Chhindwara) জেলায় ফের ভেষজ কাফ সিরাপ (Herbal Cough Syrup) খাওয়ার পর শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার সকালে বিচুয়া (Bichhua) শহরের একটি বেসরকারি মেডিক্যাল স্টোর (Medical Store) থেকে কেনা ভেষজ কাশির সিরাপ খাওয়ার পরই পাঁচ মাস বয়সি রুহি মিনোতে (Ruhi Minote) নামে এক শিশুকন্যা প্রাণ হারায়।
সূত্রের খবর, কয়েক দিন ধরেই অসুস্থ ছিল রুহি। সোমবার থেকে জ্বর ও কাশিতে ভুগছিল সে। সরকারি হাসপাতালে চিকিৎসক (Doctor) না পেয়ে রুহির বাবা সন্দীপ মিনোতে স্থানীয় একটি ওষুধের দোকান থেকে সিরাপসহ আরও কিছু ওষুধ কিনেছিলেন। প্রথম দিকে মেয়ে কিছুটা সুস্থ হলেও বৃহস্পতিবার সকালে ফের তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে (Community Health Centre) নিয়ে গেলে চিকিৎসক রুহিকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর রুহির বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, ওই দোকানটি দুই ব্যক্তি মিলে চালাতেন। বিচুয়া থানার আধিকারিক সতীশ উকি (Satish Uki) জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই দোকানদারদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পাশাপাশি, ওই সিরাপের নমুনা সংগ্রহ করে খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ দফতর (Food and Drugs Department) পরীক্ষা করছে। তদন্তের স্বার্থে দোকানটি সিল করে দিয়েছে স্থানীয় প্রশাসন (Administration)।
প্রwসঙ্গত, এর আগেও একই জেলায় ভেজাল কাফ সিরাপ খাওয়ার পর ২০ জন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছিল। পারাসিয়া (Parasia) ও চৌরাই (Chourai) এলাকার সেই ঘটনার পর প্রশাসন সতর্কতা জারি করেছিল। এবার ফের নতুন শিশুমৃত্যুতে উদ্বেগ বাড়ছে। গত মাসে শিশু বিশেষজ্ঞ প্রবীণ সোনির (Dr. Praveen Soni) প্রেসক্রিপশন অনুযায়ী কোলড্রিফ কাশির সিরাপ (Coldriff Cough Syrup) খাওয়ানো হয়েছিল বেশ কিছু শিশুকে, যাদের মধ্যে একাধিক শিশুর মৃত্যু ঘটে। ঐ ঘটনায় চিকিৎসক-সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নতুন এই ঘটনাটিও গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং ওষুধ পরীক্ষার রিপোর্টের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
