আন্তর্জাতিক
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াতেই ভারত–বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন: ইউনূস
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনূসের অভিযোগ, ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনাই দুই দেশের সম্পর্কে উত্তেজনার মূল কারণ। ছাত্র আন্দোলনকেও ‘তালিবান’ আখ্যা দেওয়া হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
নিউইয়র্ক: শেখ হাসিনাকে (Sheikh Hasina) আশ্রয় দেওয়ার কারণে ভারত ও বাংলাদেশের (Bangladesh) মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। রাষ্ট্রসংঘের (UN) সাধারণ সভার অধিবেশনের অবকাশে তিনি এ কথা বলেন।
হাসিনা সরকারের পতনের পর থেকেই ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে উত্তেজনার আঁচ পড়ছে। ভারতের পক্ষ থেকে বারবারই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। এ প্রসঙ্গে ইউনূসের অভিযোগ— বাংলাদেশের ছাত্রদের আন্দোলন ভারত মেনে নিতে পারেনি। তাঁর দাবি, বহু তরুণের হত্যার পরিকল্পনাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, আর এর ফলেই দুই দেশের মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়েছে।
ইউনূস আরও অভিযোগ করেন, ভারত ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে ভুয়ো প্রচার (Fake Propaganda) চালাচ্ছে। ছাত্র আন্দোলনকে ইসলামি সন্ত্রাসের (Islamic Terrorism) সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে। আন্দোলনরত তরুণদের ‘তালিবান’ (Taliban) আখ্যা দেওয়া হচ্ছে। এমনকি তাকেও ‘তালিবান’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
অন্যদিকে নিউইয়র্কে রাষ্ট্রসংঘের বৈঠকের অবকাশে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shahbaz Sharif) সঙ্গেও বৈঠক করেন ইউনূস। ইসলামাবাদের (Islamabad) দাবি, এই বৈঠকে বাণিজ্য, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আনুরা কুমারা দেশানায়েকের (Anura Kumara Dissanayake) সঙ্গেও বৈঠক করেছেন।
