আন্তর্জাতিক
সেভেন সিস্টার্স বিতর্কে নিরাপত্তা শঙ্কা, ঢাকায় ভারতীয় ভিসাকেন্দ্র বন্ধ
সেভেন সিস্টার্স নিয়ে উসকানিমূলক মন্তব্যের পর নিরাপত্তা শঙ্কায় ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ।
সেভেন সিস্টার্স’ (Seven Sisters) অঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশে উসকানিমূলক মন্তব্য ও হুমকির আবহে ফের চাপে ভারত–বাংলাদেশ (India-Bangladesh) কূটনৈতিক সম্পর্ক। নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকায় (Dhaka) অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (Indian Visa Application Centre) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারত সরকার।
বুধবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাকে (M Riaz Hamidullah) তলব করে বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs)। তার কয়েক ঘণ্টার মধ্যেই ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে জানানো হয়েছে, ‘চলমান নিরাপত্তা পরিস্থিতি’ (Security Situation) বিবেচনায় বুধবার দুপুর ২টো থেকে ভিসা পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। এই বন্ধ কতদিন চলবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
তবে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যেসব ভিসা আবেদনকারী ওই দিনের জন্য আগাম ‘স্লট’ (Slot Booking) নিয়েছিলেন, তাঁদের জন্য পরে নতুন তারিখ ও সময় নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি (NCP)-র নেতা হাসনাত আবদুল্লা প্রকাশ্য সভায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে আলাদা করার হুমকি দেন। তাঁর বক্তব্যে ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলকে ভারতের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করার আহ্বান জানানো হয়। এমনকি উত্তর-পূর্ব ভারতের উদ্বাস্তুদের আশ্রয় দেওয়ার কথাও বলেন তিনি। এই মন্তব্য ঘিরেই কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।
এই পরিস্থিতিতে ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, দেশের সার্বভৌমত্ব (Sovereignty) ও নিরাপত্তা প্রশ্নে কোনও আপস করা হবে না। ভিসা পরিষেবা বন্ধ থাকায় আপাতত সমস্যায় পড়বেন ব্যবসায়ী (Business Travellers) ও চিকিৎসার জন্য ভারতে আসতে ইচ্ছুক বহু বাংলাদেশি নাগরিক (Medical Tourists)। প্রতিবছর কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে চিকিৎসার জন্য লক্ষাধিক বাংলাদেশি ভারতে আসেন।
