লাইফস্টাইল
ফ্রেশ থাকুন সকাল থেকে রাত: শরীরের কোন অংশে পারফিউম লাগানো সবচেয়ে কার্যকর?
কেবল দামি পারফিউম কিনলেই হবে না, জানতে হবে ব্যবহারের সঠিক পদ্ধতি। শরীরের পালস পয়েন্ট ও ত্বকে সুগন্ধি প্রয়োগের কৌশল নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন।
ভ্যাপসা গরম আর আর্দ্রতার কারণে বাড়ি থেকে বেরোলেই ঘামাচি আর অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় আমাদের সবাইকে। বিশেষ করে অফিস বা কর্মস্থলে পৌঁছাতে পৌঁছাতে ঘামে নেয়ে একাকার অবস্থা হয়। অনেকের ক্ষেত্রে ঘামের দুর্গন্ধ (Body Odor) এতটাই প্রকট হয় যে, তা নিজের এবং আশেপাশের মানুষের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যা সমাধানে আমরা অনেকেই নামী-দামী পারফিউম ব্যবহার করি, কিন্তু আক্ষেপের বিষয় হলো— ব্যবহারের কিছুক্ষণ পরেই সেই সুগন্ধ উধাও হয়ে যায়। তবে সঠিক কৌশল জানা থাকলে একটি সাধারণ পারফিউমও আপনাকে সারাদিন সতেজ রাখতে পারে।
পারফিউমের স্থায়িত্ব নির্ভর করে ব্যবহারের কৌশলে
পারফিউমের সুগন্ধ দীর্ঘস্থায়ী (Long-lasting) হবে কি না, তা কেবল ব্র্যান্ডের ওপর নয়, বরং আপনি শরীরের কোন অংশে এটি ব্যবহার করছেন তার ওপর নির্ভর করে। সারাদিন নিজেকে সতেজ বা ফ্রেশ (Fresh) রাখতে হলে জানতে হবে পারফিউম প্রয়োগের সঠিক বিজ্ঞান।
পোশাকে নয়, সরাসরি ত্বকে ব্যবহার করুন: অনেকেই অভ্যাসবশত শার্ট বা পোশাকের ওপর পারফিউম স্প্রে করেন। কিন্তু কাপড়ে সুগন্ধি বেশিক্ষণ আটকে থাকে না, বরং অনেক সময় কাপড়ে জেদি দাগ ফেলে দেয়। সুগন্ধি দীর্ঘস্থায়ী করতে সরাসরি ত্বকে (Skin) লাগানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। শরীরের যেসব অংশে রক্ত সঞ্চালন বেশি এবং তাপমাত্রা কিছুটা বেশি থাকে, সেখানে পারফিউম সবচেয়ে ভালো কাজ করে।
পালস পয়েন্টের জাদুকরী ভূমিকা
শরীরের নির্দিষ্ট কিছু স্থানকে পালস পয়েন্ট (Pulse Points) বলা হয়। এসব জায়গায় পারফিউম লাগালে শরীরের স্বাভাবিক উষ্ণতায় সুগন্ধ ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ে।
-
কব্জি ও কানের পেছনে: কব্জি (Wrist) এবং কানের পেছনের অংশে পারফিউম লাগালে তা দীর্ঘ সময় স্থায়ী হয়। তবে মনে রাখবেন, পারফিউম লাগানোর পর দুই কব্জি ঘষবেন না। এতে সুগন্ধির অণু বা কণা (Molecules) ভেঙে যায়, ফলে স্থায়িত্ব কমে যায়।
-
গলা ও বুকের উপরিভাগ: গলার দুই পাশে এবং বুকের ওপর পারফিউম ব্যবহার করলে সুগন্ধ ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে, যা আপনাকে সারাদিন প্রাণবন্ত রাখে।
-
কনুই ও হাঁটুর ভাঁজ: কনুইয়ের ভেতরের দিক এবং হাঁটুর পেছনের ভাঁজে সুগন্ধি লাগালে তা দীর্ঘক্ষণ সুবাস ছড়ায়। শরীরের এই অংশগুলো চলাফেরার সময় তাপ উৎপন্ন করে, যা পারফিউমকে সক্রিয় রাখে।
