দেশের খবর
মধ্যবিত্তের পকেটে টান! পরিবহণ ও কাঁচামালের খরচ বাড়ায় মহার্ঘ্য নিত্যপ্রয়োজনীয় পাউরুটি
জ্বালানির মূল্যবৃদ্ধির জের এবার রান্নাঘরে। দেশ জুড়ে দুধের দাম বাড়ার পর মুম্বাইয়ে একধাক্কায় ৫ টাকা পর্যন্ত দাম বাড়ল পাউরুটির। কাঁচামাল ও পরিবহণ খরচ বাড়ায় এই সিদ্ধান্ত বেকারি সংস্থার।
মুম্বাই: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির (War Situation) জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার পর থেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির আশঙ্কা করা হচ্ছিল। সেই আশঙ্কাকে সত্যি করে দু’দিন আগেই দেশ জুড়ে দুধের দাম বাড়িয়েছিল আমূল। এবার সেই একই কোপ পড়ল পাউরুটির ওপর। একধাক্কায় বেশ কিছুটা দাম বাড়ল সকালের জলখাবারের এই প্রধান উপাদানের।
কোথায় এবং কতটা বাড়ল দাম? মঙ্গলবার দেশের বাণিজ্য নগরী মুম্বাই এবং তার সংলগ্ন এলাকায় পাউরুটির দাম একধাক্কায় ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে আপাতত শুধুমাত্র ‘মডার্ন ব্রেড’ নামের একটি সংস্থাই এই দাম বাড়িয়েছে। বেকারি ইন্ডাস্ট্রির (Bakery Industry) বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, খুব শীঘ্রই ব্রিটানিয়া বা উইবসের মতো অন্য বড় ব্র্যান্ডগুলিও এই পথেই হাঁটবে এবং তা পুরো দেশেই লাগু হতে পারে।
এক নজরে দেখে নেওয়া যাক পাউরুটির নতুন দামের তালিকা:
-
মাল্টিগ্রেন ব্রেড: ৬০ টাকার পরিবর্তে এখন ৬৫ টাকা।
-
৪০০ গ্রাম স্যান্ডউইচ লোফ: ৪০ টাকা থেকে বেড়ে ৪৫ টাকা।
-
হোল হুইট ব্রেড: ৫৫ টাকার বদলে এখন ৬০ টাকা।
-
ব্রাউন ব্রেড: ৪৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ টাকা।
-
হোয়াইট পাউরুটি: ২০ টাকা থেকে বেড়ে হয়েছে ২২ টাকা।
মূল্যবৃদ্ধির আসল কারণ কী? গত শুক্রবার পেট্রল ও ডিজেলের দাম একধাক্কায় ৩ টাকা বাড়ানো হয়েছিল, যা মঙ্গলবার আরও ৯০ পয়সা বেড়েছে। এই জ্বালানির মূল্যবৃদ্ধির (Fuel Price Hike) কারণে স্বাভাবিকভাবেই পরিবহণ খরচ (Transportation Cost) অনেকটাই বেড়ে গিয়েছে। এর পাশাপাশি পাউরুটি তৈরির কাঁচামাল এবং প্যাকেজিংয়ের (Packaging) উপকরণের দাম বাড়ায় উৎপাদনকারীদের দাম বাড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না।
খাদ্য মূল্যস্ফীতির আশঙ্কা দুধের পর এবার পাউরুটির দাম বাড়ায় সাধারণ মানুষের রান্নাঘরের বাজেট যেমন বিগড়ে যাচ্ছে, তেমনই অর্থনীতিবিদরা খাদ্য মূল্যস্ফীতির (Food Inflation) আশঙ্কা করছেন। আসলে কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI – Consumer Price Index) বাস্কেটে চাল, গম ও পাউরুটির মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী থাকে। এই বাস্কেটের (Basket) কোনো একটি পণ্যের দাম বাড়লে সামগ্রিক গড় দামও বেড়ে যায়, যা আগামী দিনে সাধারণ মানুষের ওপর চাপ আরও বাড়িয়ে দিতে পারে।
